এসভিআরের কাছে বিক্রি হতে যাচ্ছিলো ন্যান্সি পেলোসির ল্যাপটপ!
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ট্রাম্পপন্থীদের বিক্ষোভের দিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির অফিস থেকে ল্যাপটপ ও হার্ড ড্রাইভ চুরি করা ট্রাম্প-সমর্থককে গ্রেফতার করেছে মার্কিন নিরাপত্তা বাহিনী। হরানো ল্যাপটপের সন্ধান করতে গিয়ে প্রথমে এক যুবকে আটক করেছিলো দেশটির পুলিশ। তারপর সেই যুবকের দেওয়া তথ্য থেকে সোমবার রাইলি জুন উইলিয়ামস নামের ওই নারীকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ। আর ওই ল্যাপটপটি আটক নারীটি রাশিয়ার গোয়েন্দা বাহিনীর কাছে বিক্রি করতে চেয়েছিলেন- এমন অভিযোগে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।
এদিকে রবিবার আদালতে জমা দেওয়া হলফনামায় এফবিআইয়ের এক এজেন্ট এ তথ্য জানিয়েছেন। অবশ্য সহিংস ও অবৈধভাবে কংগ্রেস ভবনে প্রবেশ এবং বিশৃঙ্খল আচরণের অভিযোগ আনা হয়েছে রাইলি জুন উইলিয়ামসের বিরুদ্ধে।
ডিসির জেলা আদালতে জমা দেওয়া হলফনামায় বলা হয়েছে, সম্প্রতি এফবিআই একটি সূত্রের সন্ধান পায়, যে নিজেকে রাইলি উইলিয়ামসের ‘রোমান্টিক সঙ্গী’ হিসেবে দাবি করেছেন।
সূত্রটি বলেছে, রাইলি কম্পিউটারটি রাশিয়ায় থাকা তার এক বন্ধুর কাছে পাঠাতে চেয়েছিলেন, যে ডিভাইসটি রুশ গোয়েন্দা সংস্থা এসভিআরের কাছে বিক্রি করে দিত। তবে কম্পিউটারটি রাশিয়ায় পাঠানোর পরিকল্পনা অজ্ঞাত কোনো কারণে ভেস্তে যায়। ডিভাইসটি হয়তো এখনো রাইলির কাছেই রয়েছে, নাহয় তিনি সেটি নষ্ট করে ফেলেছেন বলে জানান তিনি।